নওগাঁর পোরশায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি অভিযানিক দল পোরশা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সরাইগাছী-আড্ডা সড়কের পাশে মজিদের আমবাগানের সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ।

পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটক করা হয়। আটকরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের আক্তারুলের ছেলে সৈয়বুর (২৬), একই গ্রামের তোহুরুলের ছেলে আব্দুল্লাহ ওরফে পলাশ (২২) এবং তারাপুর পোড়াপাড়া গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে দেলোয়ার (২২)।

পুলিশ জানায়, তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে পাঁচটি পোটলায় মোড়ানো মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানায়, তারা পরস্পর যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিএনজিযোগে গাঁজা এনে আমবাগানের কাছে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সৈয়বুর ও আব্দুল্লাহ ওরফে পলাশের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নওগাঁ জেলা পুলিশ।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!