নওগাঁর বদলগাছী উপজেলায় ভিপি সম্পত্তির জমি দখল ও চাষাবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত মাসুদ হোসেন (৩৬) মারা গেছেন। সংঘর্ষের পাঁচ দিন পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাসুদ হোসেন উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের আফজাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বালুভরা ইউনিয়নের পিতাম্বরপুর মৌজায় ভিপি সম্পত্তির জমিতে চাষাবাদ ও দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। প্রথমে কথা কাটাকাটি হলেও একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের কয়েকজন আহত হন।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, পিতাম্বরপুর মৌজায় প্রায় ১৪ বিঘা ১৭ শতক ভিপি সম্পত্তি রয়েছে। এসব জমি দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার লিজ নিয়ে চাষাবাদ করে আসছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়ভাবে জানা গেছে, আগের লিজগ্রহীতাদের মধ্যে প্রধানকুন্ডি গ্রামের জাহাঙ্গীর হোসেন, পলাশ, আব্দুল কুদ্দুস, ফারুক হোসেন, মেহেদী হাসান রাজা, রোকসানা, দেলোয়ার হোসেন ও রিক্তা রয়েছেন।

অন্য একটি পক্ষের দাবি, আগের লিজের মেয়াদ শেষ হওয়ার পর বারাতৈল গ্রামের মাসুদ হোসেন, রিফাত হোসেনসহ কয়েকজন ওই জমি নতুন করে লিজ নেওয়ার জন্য আবেদন করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

স্থানীয় সূত্রের ভাষ্য, ২০২৫ সাল পর্যন্ত আগের লিজগ্রহীতারা নিয়মিত লিজের অর্থ পরিশোধ করে জমিতে চাষাবাদ করেছেন। ২০২৬ সালের জন্য লিজের অর্থ পরিশোধ করতে আবেদন করা হলেও তা গ্রহণ করা হয়নি বলে সংশ্লিষ্ট কয়েকজন দাবি করেছেন।

ওই জমিতে ধান, পটল, বরবটি, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসল চাষ করা হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। জমির দখল নিয়ে বিরোধের জেরে ফসল নষ্টের অভিযোগও ওঠে।

এরই মধ্যে ১০ সেপ্টেম্বর জমিতে থাকা পটল তোলা এবং জমি ছেড়ে দেওয়ার বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে মাসুদ হোসেনসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন।

আহতদের প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে মাসুদ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতাল হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

মাসুদের মৃত্যুর ঘটনায় বদলগাছী থানায় হত্যা মামলা হয়েছে। নিহতের ভাই রিফাত হোসেন বাদী হয়ে ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলাটি করেছেন বলে পুলিশ জানিয়েছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ভিপি সম্পত্তির জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!