ভারতীয় তারকা ক্রিকেটার রিংকু সিংয়ের সঙ্গে দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দেশটির সংসদ সদস্য প্রিয়া সরোজ। গত বছর বাগদান সম্পন্ন হওয়ার পর এবার বিয়ের দিনক্ষণও চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের রামাডা হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

রিংকু ও প্রিয়ার সম্পর্কের শুরু করোনাকালীন সময়ে। ২০২৫ সালে দেওয়া এক সাক্ষাৎকারে রিংকু জানিয়েছিলেন, একটি ফ্যান পেজে প্রিয়ার ছবি দেখেই তার প্রতি আগ্রহ তৈরি হয়েছিল। তবে সরাসরি তাকে মেসেজ পাঠাতে প্রথমে দ্বিধায় ছিলেন তিনি। পরে প্রিয়া রিংকুর কয়েকটি ছবিতে ‘লাইক’ দিলে সেই সুযোগ কাজে লাগিয়ে তাকে বার্তা পাঠান এই ক্রিকেটার।

এরপর নিয়মিত তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। রিংকুর ভাষ্য অনুযায়ী, ২০২২ সালের দিকে প্রিয়ার প্রতি তার ভালোবাসার অনুভূতি তৈরি হতে শুরু করে। ম্যাচের আগে ও পরেও তাদের নিয়মিত কথা হতো। ধীরে ধীরে সেই সম্পর্ক গড়ায় বিয়ের সিদ্ধান্তে।

গত বছরের ৮ জুন লখনউয়ের দ্য সেন্ট্রাম হোটেলে রিংকু ও প্রিয়ার বাগদান সম্পন্ন হয়। এবার বিয়ের প্রস্তুতি শুরু করেছে দুই পরিবার। আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের রামাডা হোটেলে বিয়ের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বিশেষ অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

রিংকুর হবু স্ত্রী প্রিয়া সরোজ উত্তর প্রদেশের মছলিশহর লোকসভা আসনের সমাজবাদী পার্টির সংসদ সদস্য। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি এ আসন থেকে জয়ী হন। রাজনীতিতে আসার আগে আইন পেশায় ছিলেন প্রিয়া। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন। এরপর সুপ্রিম কোর্টে প্র্যাকটিস শুরু করেন।

প্রিয়ার বাবা তুফানি সরোজও সমাজবাদী পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি তিনবার নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন। রাজনৈতিক পরিবারের সন্তান হলেও প্রিয়ার প্রথম পছন্দ ছিল আইন পেশা। পরে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হন তিনি।

অন্যদিকে রিংকু সিং ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পর জাতীয় দলে সুযোগ পান তিনি। ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেট খেলেছেন এই ব্যাটার।

আইপিএলের ম্যাচেও রিংকুকে সমর্থন করতে গ্যালারিতে দেখা গেছে প্রিয়াকে। দীর্ঘদিনের সম্পর্কের পর বাগদান এবং এবার বিয়ের আয়োজন—সব মিলিয়ে ক্রিকেটার রিংকু সিং ও সংসদ সদস্য প্রিয়া সরোজের ব্যক্তিগত জীবনে আসতে যাচ্ছে নতুন অধ্যায়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!