সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিতে ‘লাইক’ দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছিল পরিচয়। এরপর মেসেজ, নিয়মিত কথাবার্তা, প্রেম—দীর্ঘ সেই পথ পেরিয়ে এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের সংসদ সদস্য প্রিয়া সরোজ। ভারতীয় ক্রিকেটার রিংকু সিংয়ের সঙ্গে আগামী ৪ ডিসেম্বর তার বিয়ের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
প্রিয়া সরোজ উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সংসদ সদস্য। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মছলিশহর আসন থেকে নির্বাচিত হন তিনি। রাজনীতিতে আসার আগে আইন পেশায় যুক্ত ছিলেন প্রিয়া। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন। পরে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস শুরু করেন।
অন্যদিকে রিংকু সিং ভারতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পর জাতীয় দলে জায়গা করে নেন তিনি। ক্রিকেটের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন এই ব্যাটার।
২০২৫ সালে দেওয়া এক সাক্ষাৎকারে রিংকু জানিয়েছিলেন, করোনাকালীন সময়ে একটি ফ্যান পেজে প্রিয়ার ছবি দেখেই তার প্রতি আগ্রহ তৈরি হয়। তবে সরাসরি তাকে মেসেজ পাঠানোর বিষয়ে তখন দ্বিধায় ছিলেন তিনি। পরে প্রিয়া রিংকুর কয়েকটি ছবিতে ‘লাইক’ দিলে সেই দ্বিধা কেটে যায়। এরপর রিংকুই তাকে মেসেজ পাঠান।
সেখান থেকেই শুরু হয় তাদের কথাবার্তা। ধীরে ধীরে সেই পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে। রিংকুর ভাষ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে তিনি প্রিয়ার প্রতি নিজের ভালোবাসার বিষয়টি অনুভব করতে শুরু করেন। ম্যাচের আগে ও পরেও নিয়মিত তাদের কথা হতো।
দীর্ঘ সম্পর্কের পর গত বছরের ৮ জুন লখনউয়ের দ্য সেন্ট্রাম হোটেলে তাদের বাগদান সম্পন্ন হয়। এবার বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছে। আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের রামাডা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা রয়েছে।
দুই পরিবারের পক্ষ থেকেও বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বিশেষ অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রিয়া সরোজের পরিবারও রাজনীতিতে পরিচিত। তার বাবা তুফানি সরোজ সমাজবাদী পার্টির হয়ে তিনবার নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন। তবে রাজনীতির পারিবারিক পরিচয়ের বাইরে প্রিয়ার নিজের পছন্দ ছিল আইন পেশা। পরবর্তী সময়ে লোকসভা নির্বাচনে অংশ নিয়ে তিনি সংসদ সদস্য হন।
এদিকে আইপিএলে রিংকু সিংয়ের খেলা চলাকালে একাধিকবার গ্যালারিতে প্রিয়াকে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রিংকুর ক্রিকেট ক্যারিয়ারে তার সমর্থনের বিষয়টিও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ‘লাইক’ থেকে শুরু হওয়া পরিচয় শেষ পর্যন্ত প্রেমে গড়ায়। বাগদানের পর এবার সেই সম্পর্ক বিয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!