নওগাঁর ধামইরহাট উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আদর্শ উপজেলা অঙ্গীকার অনুষ্ঠান–২০২৬’। বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধামইরহাট এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে অতিথি, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা এবং শিশু প্রতিনিধিদের নিবন্ধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শিশু ও যুব ফোরামের সদস্যদের পরিবেশিত স্বাগত নৃত্য এবং পবিত্র কোরআন, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা শারমিন। স্বাগত বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ধামইরহাট এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লাবলু খান বলেন, ধামইরহাটকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ‘জিরো প্লাস’ এলাকায় পরিণত করতে হলে প্রশাসনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড সাংমা ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে শিশু সুরক্ষা, শিক্ষার প্রসার এবং সচেতনতা তৈরিতে চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল তিন শিশুর বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরা। বাল্যবিবাহের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া তাবাচ্ছুম, শিশুশ্রম থেকে বেরিয়ে আসা মারুফ হোসেন এবং বিদ্যালয়ে পুনরায় ভর্তি হওয়া রাজু পাহান নিজেদের জীবনের সংগ্রাম, বাধা এবং ঘুরে দাঁড়ানোর গল্প উপস্থিত সবার সামনে তুলে ধরে। তাদের অভিজ্ঞতা অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
পরে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পরিবার ও সমাজের মধ্যে সচেতনতা বাড়ানোও জরুরি। বাল্যবিবাহ বন্ধ, শিশুশ্রম প্রতিরোধ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও প্রশাসনের মধ্যে সমন্বিত ভূমিকা প্রয়োজন।
দিনব্যাপী আয়োজনের শেষ পর্যায়ে উপস্থিত সবাই ধামইরহাটকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। পরে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, ওয়ার্ল্ড ভিশন, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় নেতাদের প্রতিনিধিরা যৌথভাবে অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন।
সমাপনী বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নর্দান বাংলাদেশ ক্লাস্টারের ডেপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশনস) রাজু উইলিয়াম রোজারিও এবং ইউএনও কাজী তাহমিনা শারমিন। মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে দিনব্যাপী ‘আদর্শ উপজেলা অঙ্গীকার অনুষ্ঠান–২০২৬’-এর সমাপ্তি ঘটে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!