একাদশ শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন গ্রহণ শেষ হয়েছে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায়। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। সময়মতো নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির সম্প্রতি এসব তথ্য জানিয়েছেন।
ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। এরপর শিক্ষার্থীদের পছন্দক্রমের ভিত্তিতে মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।
একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
ভর্তি ফল জানতে শিক্ষার্থীদের প্রথমে একাদশ শ্রেণির ভর্তির অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর কয়েকটি ধাপ অনুসরণ করলেই স্ক্রিনে নির্বাচনের ফল দেখা যাবে।
প্রথমে xiclassadmission.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজে থাকা ‘View Result’ বাটনে ক্লিক করতে হবে। এরপর নির্ধারিত ঘরে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
এরপর স্ক্রিনে প্রদর্শিত সিকিউরিটি ক্যাপচা কোড নির্ধারিত ঘরে লিখতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর Submit বাটনে ক্লিক করলে ভর্তি ফলাফল দেখা যাবে। ফলাফলে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, সেই তথ্যও জানা যাবে।
বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর রোববার রাত ৮টায়।
ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পেরেছেন। এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
প্রথম পর্যায়ের ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন করা। ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!