ইসরায়েলের জন্য প্রায় ২৮০ কোটি ডলারের নতুন একটি অস্ত্র প্যাকেজ অনুমোদনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। প্রস্তাবিত এই প্যাকেজে প্রায় ৪০ হাজার ২ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। তবে অস্ত্র চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি।
এপি জানিয়েছে, প্রস্তাবিত প্যাকেজে ২০ হাজার এমকে-৮৪ বোমা এবং আরও ২০ হাজার বিএলইউ-১১৭ বোমা রয়েছে। এসব তথ্য মার্কিন দুই কর্মকর্তা ও পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তির কাছ থেকে পাওয়া গেছে। তাঁরা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।
প্রস্তাবিত অস্ত্র বিক্রির বিষয়ে মার্কিন কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। প্যাকেজটির বেশিরভাগ অর্থ বিদেশি সামরিক সহায়তা বা ফরেন মিলিটারি ফাইন্যান্সিংয়ের মাধ্যমে পরিশোধ করা হবে। এই ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের সরকারি অর্থ ইসরায়েলকে দেওয়া হয়, যা দিয়ে দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনে।
২ হাজার পাউন্ডের এসব বোমার বিভিন্ন সংস্করণ রয়েছে। কোনো কোনো সংস্করণ মাটির গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য তৈরি, আবার কিছু সংস্করণ ভূপৃষ্ঠে বিস্ফোরিত হয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।
এর আগে গাজায় ব্যাপক প্রাণহানির আশঙ্কার কথা উল্লেখ করে ২০২৪ সালে তৎকালীন বাইডেন প্রশাসন ২ হাজার পাউন্ডের কিছু বোমার একটি চালান আটকে দিয়েছিল। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।
এপি বলছে, গত বছরও ট্রাম্প প্রশাসন কংগ্রেসের স্বাভাবিক পর্যালোচনা প্রক্রিয়া পাশ কাটিয়ে ইসরায়েলের জন্য প্রায় ৩০০ কোটি ডলারের একটি অস্ত্র বিক্রি অনুমোদন করেছিল। ওই প্যাকেজে ৩৫ হাজার ৫০০টির বেশি বোমা ছিল। চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েলের জন্য আরও ৬৬৭ কোটি ডলারের একাধিক অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়।
নতুন প্রস্তাবিত প্যাকেজ নিয়ে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেছেন, বিদেশে অস্ত্র বিক্রির সব প্রক্রিয়া যথাযথ নিয়ম মেনেই এগিয়ে নেওয়া হচ্ছে। তবে নির্দিষ্ট এই অস্ত্র চুক্তি নিয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।
এপি বলেছে, গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের তৈরি বোমা ব্যবহারের বিষয়ে বিভিন্ন বিশ্লেষণ রয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় ঠিক কোন ধরনের বোমা ব্যবহার করেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। প্রস্তাবিত নতুন অস্ত্র প্যাকেজটিও এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!