নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ‘আত্রাই’ পত্রিকা পরিবারের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নতুন একটি আঞ্চলিক পত্রিকার প্রকাশনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি অতিথি ও স্থানীয়দের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।
‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা সম্পাদক ও সাংবাদিক ফরিদুল আলম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে মিতু ও জাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রো ওয়ান গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামিউল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য দেন আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সদস্য সচিব আনিসুল রহমান বুলু, আত্রাই উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিয়ামত আলী বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক দ্বীন মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বুলু, বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, কবি মোজাম্মেল হক, আরিফুজ্জামান লেবুসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, একটি আঞ্চলিক পত্রিকা শুধু স্থানীয় সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। একটি এলাকার মানুষের জীবনযাপন, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও নানা সম্ভাবনাকে তুলে ধরার ক্ষেত্রেও স্থানীয় সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে যেসব ঘটনা বা মানুষের কথা জাতীয় গণমাধ্যমে অনেক সময় গুরুত্ব পায় না, সেসব বিষয় পাঠকের সামনে তুলে ধরার সুযোগ তৈরি করে আঞ্চলিক সংবাদপত্র।
প্রধান অতিথির বক্তব্যে মো. সামিউল ইসলাম বলেন, একটি আঞ্চলিক পত্রিকা কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; এটি একটি এলাকার ইতিহাস, ঐতিহ্য, লোকসংস্কৃতি এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের প্রতিচ্ছবি। স্থানীয় মানুষের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনাকে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার মাধ্যমে একটি আঞ্চলিক পত্রিকা সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি বলেন, ‘আত্রাই’ পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি এলাকার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন। পাশাপাশি নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে সমাজ গঠনের কাজে উদ্বুদ্ধ করার জন্য পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, একটি সংবাদপত্রের গ্রহণযোগ্যতা নির্ভর করে তার সংবাদ পরিবেশনের মান, তথ্যের সত্যতা এবং সাংবাদিকতার নৈতিকতার ওপর। তাই স্থানীয় সংবাদ প্রকাশের ক্ষেত্রে যাচাই করা তথ্য, সঠিক উপস্থাপন এবং সব পক্ষের বক্তব্যকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তারা। একই সঙ্গে আত্রাইয়ের বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও মানুষের সম্ভাবনাকে নিয়মিতভাবে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীতসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে উৎসবের আমেজ আরও বাড়ে।
পরে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত অতিথি, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ জানানো হয়। আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!