নওগাঁর মহাদেবপুরে ঘরে বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুকিম উদ্দিন (৬৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শালিজান গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুকিম উদ্দিন ওই গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাশের তেঁতুল পুকুর বাজারে নাশতা করতে যান মুকিম উদ্দিন। নাশতা শেষে বাড়িতে ফিরে তিনি ঘরে প্রবেশ করেন। এ সময় বৈদ্যুতিক ফ্যান চালু করতে সুইচে হাত দেওয়ার পর হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুতের ঝাঁকুনিতে তিনি দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান।

পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে মহাদেবপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৮টার দিকে মুকিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের অনুরোধের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!