আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিম্নআয়ের মানুষের মধ্যে সুলভ মূল্যে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে দুই দিনব্যাপী এ কার্যক্রমের মাধ্যমে নির্ধারিত উপকারভোগীদের ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হয়।

সোমবার ও মঙ্গলবার (১৪ ও ১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের রাসাদ ইন্টারপ্রাইজ ও সুমনা ইন্টারপ্রাইজের বিক্রয়কেন্দ্রে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল নিতে আসা উপকারভোগীরা জানান, নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্নআয়ের মানুষের সংসার চালাতে বেশ বেগ পেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে তুলনামূলক কম দামে চাল পাওয়ায় তাদের পরিবারের খাদ্য ব্যয় কিছুটা কমবে।

তারা বলেন, বাজারদরের তুলনায় ১৫ টাকা কেজি দরে চাল পাওয়ায় নিম্নআয়ের পরিবারগুলো সরাসরি উপকৃত হচ্ছে। নিয়মিত ও সুষ্ঠুভাবে এ কর্মসূচি চালু থাকলে তাদের মতো মানুষের খাদ্যসংকট মোকাবিলায় তা আরও সহায়ক হবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খাদ্যবান্ধব কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে নিয়মিত তদারকি করা হচ্ছে। প্রকৃত উপকারভোগীরা যাতে নির্ধারিত পরিমাণ চাল পান এবং বিতরণে কোনো ধরনের অনিয়ম না ঘটে, সেদিকে নজর রাখা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলেন, নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এ ধরনের জনবান্ধব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিকভাবে বাস্তবায়ন হলে এর সুফল সরাসরি দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোর মধ্যে পৌঁছাবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!