বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, দায়িত্ব পালনে অবহেলা এবং সংগঠনের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে নওগাঁর বদলগাছী উপজেলা প্রেসক্লাব থেকে সাংবাদিক মো. আশিক হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রেসক্লাবের বিশেষ সভায় বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা ও পর্যালোচনার পর তাকে সংগঠনের সব পদ ও সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আশিক হোসেন দৈনিক জয়পুরবার্তার বদলগাছী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, এর আগে গত ৩১ আগস্ট অনুষ্ঠিত বিশেষ সভায় আশিক হোসেনের সাংগঠনিক কর্মকাণ্ড ও দায়িত্ব পালনের বিষয় নিয়ে আলোচনা হয়। ওই সভায় তার বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা, সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন না করা এবং নির্বাহী কমিটির কার্যক্রমে অসহযোগিতাসহ বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর তাকে সংগঠনের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছে প্রেসক্লাব কর্তৃপক্ষ। পরে তিনি অন্য একটি প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করায় বিষয়টি নিয়ে একইদিন বিশেষ সভা আহ্বান করা হয়।

সভায় আগের অভিযোগগুলোর পাশাপাশি অন্য একটি প্রেসক্লাবের সদস্যপদ গ্রহণের বিষয়টিও পর্যালোচনা করা হয়। আলোচনা শেষে তাকে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সব পদ ও সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, “সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা সবার জন্য সমান। অভিযোগগুলো নিয়ে সভায় আলোচনা ও পর্যালোচনার পরই সাংগঠনিকভাবে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌস হোসেন বলেন, সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও গঠনতন্ত্র রক্ষার স্বার্থেই নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আশিক হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের পর বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না।

তবে প্রেসক্লাব কর্তৃপক্ষের উত্থাপিত অভিযোগের বিষয়ে সাংবাদিক মো. আশিক হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!