দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে নিশ্চিত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০ জনে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শুধু ঢাকাতেই হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩২ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৫২৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৭৮ জন, বরিশালে ১৩১ জন, সিলেটে ১৫০ জন, খুলনায় ৮৮ জন, ময়মনসিংহে ৫৭ জন, রংপুরে ২৬ জন এবং রাজশাহীতে ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫২ হাজার ১১৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন।
অন্যদিকে, একই সময়ের হিসাবে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৭২০ জনে। তাদের মধ্যে পরীক্ষায় ২০ হাজার ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির পাশাপাশি মৃত্যুর ঘটনাও অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!