পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন প্রথম ধাপে ৮৪ জন ছানি রোগীকে অপারেশনের জন্য চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে পাঠিয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় নির্বাচিত এসব রোগী চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। খাগড়াছড়ি জোন জানিয়েছে, দ্বিতীয় ধাপে আরও ৭১ জন রোগীকেও একই হাসপাতালে পাঠানো হবে। পর্যায়ক্রমে শনাক্ত হওয়া মোট ১৫৫ জন রোগীর প্রয়োজনীয় চিকিৎসা ও ছানি অপারেশন সম্পন্ন করা হবে।
এর আগে গত ১৯ আগস্ট পানছড়ি উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নিয়ে প্রত্যন্ত এলাকার মানুষের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা পরামর্শ প্রদান করেন।
ক্যাম্পে পরীক্ষা শেষে ছানি অপারেশনের উপযোগী ১৫৫ জন রোগীকে শনাক্ত করা হয়। তাদের মধ্য থেকেই প্রথম ধাপে ৮৪ জনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
প্রথম ধাপের রোগীদের মধ্যে ৪৬ জন পাহাড়ি ও ৩৮ জন বাঙালি জনগোষ্ঠীর সদস্য রয়েছেন। এছাড়া ৩৪ জন পুরুষ এবং ৫০ জন নারী এই দলে অন্তর্ভুক্ত হয়েছেন।
খাগড়াছড়ি সদর জোন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ছানি অপারেশন ও পরবর্তী চিকিৎসা দেওয়া হবে। চিকিৎসা সম্পন্ন হলে সেনাবাহিনীর ব্যবস্থাপনাতেই তাদের নিরাপদে খাগড়াছড়িতে ফিরিয়ে আনা হবে।
সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্থানীয় মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। দুর্গম পাহাড়ি অঞ্চলের অনেক মানুষ আর্থিক সংকট, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা ও বিশেষজ্ঞ চিকিৎসার অভাবে দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন। বিনামূল্যে পরীক্ষা ও ছানি অপারেশনের সুযোগ তাদের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে ছানি আক্রান্ত রোগীরা দৃষ্টিশক্তি ফিরে পেয়ে আবারও স্বাভাবিক ও কর্মক্ষম জীবনে ফিরতে পারবেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!