নওগাঁর মান্দায় অর্থের বিনিময়ে নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করে অন্যদের কাছে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার প্রসাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের দাবি, আব্দুস সালাম সরকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থের বিনিময়ে নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল ডিজিটাল তথ্য সংগ্রহ করে পরে বেশি দামে অন্যদের কাছে সরবরাহ করতেন। তাঁর পরিচালিত ‘সরকার কম্পিউটার ও অনলাইন পয়েন্ট’ নামের দোকানে অভিযান চালিয়ে এসব তথ্য সংগ্রহ ও সরবরাহে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে মান্দা উপজেলা পরিষদের মূল ফটকের বিপরীতে অবস্থিত ওই দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকান থেকে আব্দুস সালাম সরকারকে গ্রেপ্তার করা হয়। তিনি মান্দা উপজেলার বিজয়পুর গ্রামের আব্দুল জব্বার সরকারের ছেলে।

অভিযানে দুটি ল্যাপটপ, দুটি সিপিইউ, একটি ডেল মনিটর, দুটি মুঠোফোন, ১৫টি সিমকার্ড, আটটি স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ৫২টি ল্যামিনেট করা এনআইডি কার্ড জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এ ছাড়া একটি এলইডি টেলিভিশন, দুটি কিবোর্ড, একটি মাউস, একটি কালার প্রিন্টার, একটি রাউটার ও বিভিন্ন ধরনের ক্যাবল জব্দ করা হয়। অভিযানে বিভিন্ন ব্যাংকের কার্ড, বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড এবং নির্বাচন কমিশনের দুটি প্রত্যয়নপত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুস সালাম জানিয়েছেন, তিনি অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নাগরিকদের ডিজিটাল তথ্য সংগ্রহ করতেন। এসব তথ্যের মধ্যে জাতীয় পরিচয়পত্রের তথ্য, মুঠোফোনের সিমের মালিকানা, সর্বশেষ কলের অবস্থান বা লাস্ট কল লোকেশন, আইএমইআই নম্বর, কল ডিটেইল রেকর্ড (সিডিআর) এবং মোবাইল ব্যাংকিং-সংক্রান্ত তথ্য ছিল বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাবের এজাহারে আরও বলা হয়েছে, আব্দুস সালাম ও তাঁর সঙ্গে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিরা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট ব্যবহার করে নাগরিকদের গোপনীয় তথ্য বিক্রির বিজ্ঞাপন দিতেন। তবে এসব তথ্যের উৎস, কতজনের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং কার কাছে সেগুলো সরবরাহ করা হয়েছে, তা তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় র‍্যাব-৫ রাজশাহীর উপপরিদর্শক (এসআই) উজ্জল হোসেন বাদী হয়ে আব্দুস সালাম সরকারসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মান্দা থানায় মামলা করেছেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, মামলার পর গ্রেপ্তার আব্দুস সালাম সরকারকে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও র‍্যাব জানিয়েছে, নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য কীভাবে সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করা হতো এবং এর সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!