দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি খাতের সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধানের পথে এগিয়ে যেতে বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নভোথিয়েটার অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ‘দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি উৎসের উদ্ভাবন’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

জ্বালানি সংকট মোকাবিলায় সবাইকে সচেতনভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে দেশের আর্থসামাজিক বাস্তবতায় সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। সংকট মোকাবিলায় সম্ভাব্য সব বিকল্প উৎস কাজে লাগানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা প্রয়োজন।

আলোচনা সভায় জ্বালানি বিশেষজ্ঞরা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বিশেষ করে সৌরবিদ্যুৎ বা সোলার সিস্টেমের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

বিশেষজ্ঞরা বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন। সৌরশক্তিসহ পরিবেশবান্ধব বিভিন্ন উৎসের ব্যবহার বাড়ানো গেলে জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাবও কমানো সম্ভব।

তারা আরও বলেন, বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে শুধু বর্তমান সংকট মোকাবিলাকে গুরুত্ব দিলে হবে না। পরিবেশগত প্রভাব, প্রযুক্তিগত সক্ষমতা, উৎপাদন ব্যয় ও দীর্ঘমেয়াদি জ্বালানি চাহিদা বিবেচনায় নিয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।

আলোচনায় দেশের জ্বালানি খাতের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে বাস্তবভিত্তিক সমাধান বের করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। সংকট মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বিশেষজ্ঞ মতামত ও সমন্বিত কার্যক্রমকে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!