নওগাঁ সদর উপজেলার হাপানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাদক এবং মোবাইল ফোনের অনলাইন গেমের ক্ষতিকর আসক্তি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে।

তিনি বলেন, বর্তমানে অনেক শিক্ষার্থী মোবাইল ফোন ও অনলাইন গেমে অতিরিক্ত সময় ব্যয় করছে। পাশাপাশি মাদকের ভয়াবহতাও সমাজের জন্য বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের এসব ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করা প্রয়োজন। মাঠমুখী ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, পড়াশোনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে নিয়মিত খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে। এর মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

প্রতিষ্ঠানের উন্নয়নে ১৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি

অনুষ্ঠানে হাপানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টিও গুরুত্ব পায়। প্রধান অতিথি প্রতিষ্ঠানের ভবন সংস্কারের জন্য ১৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে খেলার মাঠ সংস্কারেরও প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা শিক্ষা কার্যক্রমের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার জন্য শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক আহমেদ (রাজা) এবং নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা শ্রীয় ম.আ. আল কায়ফ তুহিন।

হাপানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. নূরুল ইসলাম।

পরে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ দেখা যায়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, সৃজনশীলতা চর্চা এবং মাদকসহ বিভিন্ন ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!