দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে মৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৮১৬ জন। গত ১৫ মার্চ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫০ হাজার ২০২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৯১৯ শিশুর মৃত্যু হয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগে ১০০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সন্দেহজনক হাম ও নিশ্চিত হাম—দুই ধরনের তথ্য মিলিয়ে দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে। আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!