আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক পরিসরে হামের ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা বিএনপি ও রূপগঞ্জ বেসরকারি হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন যৌথভাবে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ব্যাপক আকারে হাম প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে শিশুদের হাম থেকে সুরক্ষায় নিয়মিত টিকাদান কর্মসূচিও অব্যাহত থাকবে।

হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের অধিকাংশই টিকা নেয়নি বলে উল্লেখ করেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে ভ্যাকসিন দেওয়ার কোনো বিকল্প নেই।

তিনি আরও জানান, আগের সরকার কোনো ভ্যাকসিন রেখে যায়নি। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাত্র ২১ দিনের মধ্যে দুই কোটি ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে এবং ৬ থেকে ৫৯ মাস বয়সী দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার রয়েছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করা হচ্ছে।

হাম প্রসঙ্গে তিনি বলেন, দেশে আগেও হামের সংক্রমণ হয়েছে। বর্তমানে পুষ্টির ঘাটতির কারণে অনেক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ অবস্থায় শিশুদের সুরক্ষায় টিকাদানের গুরুত্ব আরও বেড়েছে।

কোনো শিশু যেন হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে না পড়ে, সে জন্য নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম চালু রাখার ওপরও গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, মহিলা আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!