মান্দা (নওগাঁ) প্রতিনিধি: জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উপলক্ষে নওগাঁর মান্দায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও সচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার সকাল ১০টায় মান্দা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকরা এতে অংশ নেন। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আতিয়া খাতুন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তি পর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, এডিস মশার বংশবিস্তারের জন্য জমে থাকা পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বাড়িঘর, আঙিনা, ছাদ, বারান্দা, নির্মাণাধীন স্থাপনা এবং আশপাশের বিভিন্ন স্থানে পানি জমে আছে কি না, তা নিয়মিতভাবে পরীক্ষা করতে হবে। কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো স্থানে পানি জমতে দেওয়া যাবে না। শুধু প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এজন্য ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সবাই সচেতন হলে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। নিজের বাড়ির পাশাপাশি প্রতিবেশী ও আশপাশের পরিবেশের দিকেও নজর দিতে হবে। কোথাও মশার প্রজননস্থল দেখা গেলে তা দ্রুত পরিষ্কার করার উদ্যোগ নিতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ এবং সাবেক ছাত্রনেতা নুরবক্স মণ্ডল।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ডেঙ্গুর লক্ষণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি অসুস্থতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বাড়িঘর ও কর্মস্থলের আশপাশে পরিত্যক্ত পাত্র, টব, টায়ারসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে পানি জমে থাকার কারণে এডিস মশার প্রজননের সুযোগ তৈরি হয়। তাই এ সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু একদিনের কর্মসূচি যথেষ্ট নয়। নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে এ কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংবাদদাতা: মোঃ শরিফ উদ্দিন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!