খাগড়াছড়ির পানছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ওষুধের দোকানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটসংলগ্ন জনপ্রিয় ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধের পাশাপাশি পিজিশিয়ান স্যাম্পল ওষুধও উদ্ধার করা হয়। একই সময়ে পানছড়ি বাজারের শেফালী ট্রেডার্স থেকেও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটসংলগ্ন এলাকা ও পানছড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে অনিয়মের সত্যতা প্রমাণিত হওয়ায় জনপ্রিয় ফার্মেসিকে ২ হাজার টাকা এবং শেফালী ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসন জানায়, ওষুধের মেয়াদ, সংরক্ষণ ও বিক্রয়বিধি লঙ্ঘনের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের পাশেই অবস্থিত জনপ্রিয় ফার্মেসিতে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধের পাশাপাশি চিকিৎসকদের জন্য সরবরাহকৃত পিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়। সাধারণ রোগীদের কাছে এ ধরনের ওষুধ বিক্রি করা বিধিবহির্ভূত হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা বলেন, জনপ্রিয় ফার্মেসির বিরুদ্ধে এর আগেও অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছিল। প্রতিষ্ঠানটিকে একাধিকবার সতর্ক করা হলেও একই ধরনের অভিযোগের পুনরাবৃত্তি ঘটেছে।

ইউএনও ফারহানা নাসরিন বলেন, “জনপ্রিয় ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পিজিশিয়ান স্যাম্পল এবং শেফালী ট্রেডার্স থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়েছে। অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে জরিমানা করা হয়েছে।”

তিনি আরও বলেন, ওষুধের মেয়াদ ও সংরক্ষণবিধি না মেনে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, স্যানিটারি ইন্সপেক্টর মাকসুদুর রহমান এবং পানছড়ি থানার সাব-ইন্সপেক্টর সুজায়েত হোসেন উপস্থিত ছিলেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!