খাগড়াছড়ির দীঘিনালায় স্থানীয় যুবসমাজকে আত্মকর্মসংস্থানমুখী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে আয়োজিত তিন সপ্তাহব্যাপী বিশেষ কারিগরি প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৩৬ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
দীঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচি দীঘিনালা জোন কমান্ডারের সার্বিক দিকনির্দেশনায় বাস্তবায়ন করা হয়। কর্মশালায় এলাকার তরুণ-তরুণীদের আধুনিক কারিগরি দক্ষতায় প্রশিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
তিন সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে দুটি গুরুত্বপূর্ণ ট্রেডে হাতে-কলমে শিক্ষা প্রদান করা হয়। এর মধ্যে ছিল ইলেকট্রিক অ্যান্ড মোবাইল সার্ভিসিং এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। প্রশিক্ষণার্থীরা তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) কার্যক্রমে অংশ নিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
প্রশিক্ষণ সমাপ্তি উপলক্ষে আয়োজিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয়। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং তাদের ব্যবহারিক পরীক্ষার মান ও অর্জিত দক্ষতা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয় বলেন, পার্বত্য এলাকার তরুণদের স্বাবলম্বী করে তুলতে বাস্তবভিত্তিক কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই। দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজ নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষার্থীরা দীঘিনালা জোনের এই উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, হাতে-কলমে ব্যবহারিক শিক্ষা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং ভবিষ্যতে পেশাগত জীবনে এই দক্ষতা কাজে লাগাতে পারবেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলের যুবসমাজের জন্য এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন।
দীঘিনালা জোনের এ উদ্যোগ স্থানীয় যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী শিক্ষা বিস্তারে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!