বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্য শ্রমিক নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আল সাইদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনা হয়েছে। ওমান বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার কথা জানিয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে একটি চুক্তিও সই হয়েছে। তবে চূড়ান্ত প্রক্রিয়ার জন্য আগামী মাসে ওমানের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে।
ওমানের ভিসা চালুর বিষয়ে সরকার কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন কারণে দেশটির ভিসা কার্যক্রমে সীমাবদ্ধতা রয়েছে। বাংলাদেশ থেকে যেন নিয়মিতভাবে কর্মীরা ওমানে যেতে পারেন, সে বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
তিনি বলেন, সরকার দক্ষ অভিবাসনের ওপর গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী যেন ওমানে গিয়ে বিভিন্ন খাতে কাজ করতে পারেন, সে বিষয়ে ওমান সরকারও আগ্রহ দেখিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশ ও ওমানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের জন্য ওমানের শ্রমবাজার আরও উন্মুক্ত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আল সাইদ ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করেন।
তিনি বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!