চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে পুনর্নিরীক্ষণের ফল দেখতে পারবেন।

শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। সব মিলিয়ে প্রায় ১৩ লাখ উত্তরপত্র পুনরায় যাচাই করা হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, পুনর্নিরীক্ষণের জন্য মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি আবেদন জমা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডে আনুমানিক ২ লাখ ৭৭ হাজার ৬০০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৭১ হাজার ৬৬টি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ১৪ হাজার ৭০৬টি আবেদন জমা হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডে লিখিত বিষয়ের জন্য ৯৮ হাজার ১৭০টি এবং ব্যবহারিক বিষয়ের জন্য ২৪ হাজার ৫৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে। যশোর শিক্ষা বোর্ডে আবেদন পড়েছে ৭৪ হাজার ৭১৭টি এবং বরিশাল শিক্ষা বোর্ডে ৫০ হাজার ১৫৩টি।

সিলেট শিক্ষা বোর্ডে লিখিত বিষয়ের জন্য ৫০ হাজার ৭১০টি এবং ব্যবহারিক বিষয়ের জন্য ১০ হাজার ২৬৪টি আবেদন জমা হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে এ সংখ্যা ৮৯ হাজার ২৮৬টি।

তবে কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন করা উত্তরপত্রের সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি।

এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের আবেদন গ্রহণ শুরু হয়েছে গত ২ সেপ্টেম্বর। শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবেন।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!