জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা এবং বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)। মঙ্গলবার পৃথক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুই প্রতিষ্ঠান।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তরের টাই-ইন কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

আগামী ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ে বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেটসহ আশপাশের এলাকায় আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) জানিয়েছে, বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময়ে বগুড়া শহর ও সংলগ্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার এবং সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস সংকটের আওতায় থাকবেন।

পিজিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার পর ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ও পিজিসিএল কর্তৃপক্ষ।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!