মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তা বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রশিক্ষণ শেষ করে অনলাইন থেকে সনদ ডাউনলোড করতে হবে।

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় এ অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে এ অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণ শেষ না করলে সংশ্লিষ্ট শিক্ষকদের সনদ সংগ্রহের সুযোগ থাকবে না।

মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে এ প্রশিক্ষণ কোর্স পাওয়া যাবে। শিক্ষকরা নিজ নিজ পিডিএস আইডি ব্যবহার করে লগইন অথবা রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।

প্রশিক্ষণ কোর্সে মোট ছয়টি মডিউল রয়েছে। প্রতিটি মডিউল সম্পন্ন করার পাশাপাশি ষষ্ঠ মডিউলে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে।

মাউশির নির্দেশনা অনুযায়ী, শ্রেণি কার্যক্রম শেষ করার পর এর ছবি বা ভিডিও নির্ধারিত লিংকে জমা দিতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা অনলাইন প্রশিক্ষণ প্ল্যাটফর্মেই দেওয়া হয়েছে।

ছয়টি মডিউল এবং নির্ধারিত শ্রেণি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর শিক্ষকরা অনলাইন থেকে প্রশিক্ষণের সনদ সংগ্রহ করতে পারবেন।

মাউশি জানিয়েছে, প্রশিক্ষণ শেষে যে সনদ দেওয়া হবে, তাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির (নায়েম) মহাপরিচালকদের স্বাক্ষর থাকবে।

শিক্ষকদের ডিজিটাল নিরাপত্তা বিষয়ে দক্ষতা বাড়ানো এবং শিক্ষার্থীদের সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষককে কোর্স সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছে মাউশি।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!