ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত পাঁচজনের পরিচয় শনাক্ত করার দাবি করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বাংলাফ্যাক্ট জানায়, হামলার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তাদের পরিচয় যাচাই করতে ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করা হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
বাংলাফ্যাক্টের দাবি অনুযায়ী, শনাক্ত হওয়া ব্যক্তিরা ইতালিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
আজমেরী হক বাঁধন বর্তমানে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে অবস্থান করছেন। সেখানে তার ভাইয়ের সঙ্গে বাইরে বের হলে হামলার শিকার হন বলে জানা গেছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশ ও বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে।
বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশের ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের দাবির পক্ষে এবং তৎকালীন সরকারের কর্মকাণ্ডের সমালোচনায় সোচ্চার ছিলেন অভিনেত্রী বাঁধন।
বাংলাফ্যাক্টের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার বিভিন্ন ভিডিও থেকে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তবে শনাক্ত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত পরিচয় প্রতিবেদনে প্রকাশ করা হয়নি।
ফ্যাক্টচেক প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য যাচাই করে থাকে। ভুল, বিভ্রান্তিকর ও অপতথ্য শনাক্ত করে সঠিক তথ্য তুলে ধরাই তাদের অন্যতম কাজ।
বাংলাফ্যাক্ট বলছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ধরনের ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন দল ও সংগঠন এবং সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়গুলো যাচাই করছে প্রতিষ্ঠানটি।
পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম হিসেবে বাংলাফ্যাক্ট নিয়মিতভাবে অনলাইনে ছড়িয়ে পড়া তথ্য যাচাই এবং গণমাধ্যম সংক্রান্ত গবেষণামূলক কাজ করে থাকে।
সূত্র: বাসস
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!