জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ভোটার হয়েছেন। অন্যদিকে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা দক্ষিণ থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তরের আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন।
একই সময়ে দুই নেতার বিপরীতমুখী ভোটার এলাকা পরিবর্তনের ঘটনায় অনেকে ধারণা করছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে এনসিপির কোনো রাজনৈতিক পরিকল্পনা থাকতে পারে।
জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ঢাকা-১৮ আসনের ভোটার ছিলেন। সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন তিনি। যাচাই-বাছাই শেষে তার আবেদন অনুমোদন করেছে নির্বাচন কমিশন।
অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার ছিলেন। তিনি ইসির নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন। প্রয়োজনীয় যাচাই শেষে তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আফতাবনগর এলাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দুই নেতার ভোটার এলাকা পরিবর্তনের বিষয়টি সামনে এসেছে এমন এক সময়ে, যখন আসন্ন সিটি করপোরেশন নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর কৌশল নিয়ে আলোচনা চলছে।
এ কারণে এনসিপির এই দুই নেতার ভোটার এলাকা পরিবর্তনকে অনেকে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন। আলোচনা চলছে, দলটি কি ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী করার পরিকল্পনা করছে কি না।
এ বিষয়ে এনসিপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, ওই দুই এলাকা থেকে তাদের মনোনয়ন দেওয়ার সম্ভাবনা বেশি। সেই বিবেচনায় ভোটার এলাকা পরিবর্তন করা হয়েছে।
এদিকে এনসিপির দুই নেতার ভোটার এলাকা পরিবর্তন নিয়ে পৃথক পোস্ট দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আব্দুল কাদের।
এক পোস্টে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর ঢাকা দক্ষিণ থেকে নির্বাচনের সম্ভাবনার কথা উল্লেখ করেন। অন্য এক পোস্টে আসিফ মাহমুদের ঢাকা উত্তর থেকে নির্বাচন করার সিদ্ধান্তকে উপযুক্ত বলে মন্তব্য করেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!