চলন্ত ট্রেনে যাত্রীদের নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা দিতে চালু করা পরীক্ষামূলক স্টারলিংক সেবা বড় ধরনের চুরির ঘটনায় বাধাগ্রস্ত হয়েছে। চারটি আন্তনগর ট্রেনে বসানো প্রায় ৬০টি রাউটারের মধ্যে ৪৫টিই চুরি হয়ে গেছে। একই সঙ্গে ঢাকা-সিলেট রুটের উপবন এক্সপ্রেসের ছাদ থেকে খুলে নেওয়া হয়েছে একটি স্টারলিংক অ্যানটেনাও।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৩ মার্চ প্রথমবারের মতো চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংকভিত্তিক উচ্চগতির ইন্টারনেট সেবা চালু করা হয়। ট্রেনগুলো হলো—পর্যটক এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস।

পরীক্ষামূলক এ কার্যক্রমে যাত্রীদের বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল দীর্ঘ যাত্রায় স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা কতটা কার্যকর ও টেকসই, তা যাচাই করা।

তবে চালুর কয়েক মাসের মধ্যেই একের পর এক রাউটার চুরির ঘটনা ঘটতে থাকে। বিএসসিএল সূত্র জানিয়েছে, গত রোজার ঈদের পর থেকে চারটি ট্রেনে থাকা রাউটার চুরি শুরু হয়। শুরুতে প্রতিটি বগিতে দুটি করে রাউটার স্থাপন করা হলেও পরে চুরির কারণে অনেক বগিতে একটি করে রাউটার দিয়ে সেবা চালাতে হয়েছে।

চুরি হওয়া যন্ত্রপাতি প্রতিস্থাপন করা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। নতুন বসানো রাউটারও আবার চুরি হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে রাউটারের পাশাপাশি তার ও কেবল চ্যানেলিংও খুলে নেওয়া হয়েছে।

বর্তমানে চারটি ট্রেনে স্থাপন করা ৬০টি রাউটারের মধ্যে টিকে আছে মাত্র ১৫টি। ফলে পরীক্ষামূলক এই ইন্টারনেট সেবার অবকাঠামো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্প্রতি উপবন এক্সপ্রেসের স্টারলিংক অ্যানটেনা থেকে অকার্যকর সিগন্যাল পাওয়ার পর বিএসসিএলের একটি দল পরিদর্শনে যায়। সেখানে গিয়ে দেখা যায়, ট্রেনের ছাদে অ্যানটেনা নেই, শুধু সেটি বসানোর হোল্ডার রয়েছে।

বিএসসিএলের কর্মকর্তারা জানান, একটি রাউটারের দাম প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা। আর একটি অ্যানটেনার দাম দুই লাখ টাকার বেশি।

বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাদুর রহমান বলেন, যন্ত্রপাতি চুরি বন্ধ করা না গেলে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দেওয়া কঠিন হবে।

এদিকে চুরি ঠেকাতে রাউটার ও অ্যানটেনা স্থাপনের পদ্ধতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানিয়েছেন, নতুন করে যুক্ত হতে যাওয়া ৫০টি বগিতে রাউটার বগির অভ্যন্তরীণ কাঠামোর ভেতরে স্থাপন করা হবে। পাশাপাশি অ্যানটেনা সাধারণ বগির ছাদের পরিবর্তে ইঞ্জিন বগির ছাদে বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!