রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের বিপুল ব্যয় সামলাতে নতুন এক উদ্যোগ নিতে যাচ্ছে ইউক্রেন। দেশের অর্থনীতি সচল রাখা এবং সেনাবাহিনীর ব্যয় মেটাতে প্রাপ্তবয়স্কদের অনলাইন বিনোদন শিল্পকে বৈধ করে এর ওপর কর আরোপের পরিকল্পনা করছে দেশটির সরকার।
‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইউক্রেনে পর্নোগ্রাফি তৈরি বা ছড়িয়ে দেওয়া বেআইনি। এ অপরাধে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
তবে বাস্তবে অনলাইনে বড় ধরনের অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। বিশেষ করে ‘অনলিফ্যানস’-এর মতো প্ল্যাটফর্মে অনেক ইউক্রেনীয় কনটেন্ট তৈরি করে আয় করছেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে প্রায় ৮ হাজার ইউক্রেনীয় এই ধরনের প্ল্যাটফর্ম থেকে ১৩ কোটি ডলারের বেশি আয় করেছেন।
এতদিন অনেকেই গোপনে এ কাজ করলেও আয়কর বিভাগ তাদের কাছ থেকে কর আদায় শুরু করে। কিন্তু কর দিতে গেলেও অনেক ক্ষেত্রে পুলিশি হয়রানির অভিযোগ ওঠে।
এই জটিলতা দূর করতে এবং নতুন রাজস্ব উৎস তৈরি করতে ইউক্রেনের পার্লামেন্টে একটি আইন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
পার্লামেন্টের অর্থ কমিটির প্রধান ইয়ারোস্লাভ জেলেজনিয়াক জানান, প্রাপ্তবয়স্কদের সম্মতিভিত্তিক কনটেন্ট বৈধ করে করের আওতায় আনা গেলে বছরে প্রায় ২ কোটি ৫০ লাখ ডলার রাজস্ব পাওয়া যেতে পারে।
তার দাবি, এই অর্থ দিয়ে এক বছরে প্রায় ৩০ হাজার ড্রোন কেনা সম্ভব, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় কাজে লাগানো যাবে।
এই উদ্যোগের পেছনে বড় ভূমিকা রয়েছে অনলিফ্যানস মডেল সভেতলানা দ্বোরনিকোভার। পুলিশি হয়রানির অভিযোগ তুলে তিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়েবসাইটে এ শিল্প বৈধ করার দাবি জানান।
তার আবেদনে দ্রুত হাজারো মানুষ সমর্থন জানালে বিষয়টি পার্লামেন্টে পর্যালোচনার জন্য পাঠানোর নির্দেশ দেন প্রেসিডেন্ট।
প্রস্তাবিত আইনটি ইতোমধ্যে ইউক্রেনের পার্লামেন্টে প্রাথমিক অনুমোদন পেয়েছে। এর লক্ষ্য হলো প্রাপ্তবয়স্কদের সম্মতিতে তৈরি কনটেন্টকে আইনি স্বীকৃতি দেওয়া, পুলিশের দুর্নীতি ও হয়রানি কমানো এবং করের মাধ্যমে রাষ্ট্রীয় আয় বাড়ানো।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!