পাড়ার মানুষের ব্যক্তিগত খবর রাখা অনেকের স্বভাব হলেও, সেই অভ্যাসকে পেশায় পরিণত করে অর্থ উপার্জনের ঘটনা খুবই বিরল। কলম্বিয়ার ৬৭ বছর বয়সী নারী মিরিয়াম এমনই এক ব্যতিক্রমী কাজ করে আলোচনায় এসেছেন।

প্রতিবেশীদের গোপন গল্প, পারিবারিক ঝামেলা, প্রেমের সম্পর্ক কিংবা নানা কেচ্ছার তথ্য সংগ্রহ করে বিক্রি করেন তিনি। এই কাজ করেই তিনি দুটি বাড়ির মালিক হয়েছেন বলে জানা গেছে।

নিজের বাড়ির সামনে বসে আশপাশের মানুষের গতিবিধির ওপর নজর রাখেন মিরিয়াম। কার সংসারে কী সমস্যা চলছে, কে কার সঙ্গে দেখা করছে—এমন নানা তথ্য তিনি সংগ্রহ করে নিজের ডায়েরিতে লিখে রাখেন।

খবরের গুরুত্ব অনুযায়ী দাম নির্ধারণ করেন তিনি। সাধারণ তথ্যের দাম কম হলেও গোপন বা চাঞ্চল্যকর তথ্যের জন্য বড় অঙ্কের টাকা নেন। এক ব্যক্তির গোপন পরকীয়ার খবর ফাঁস না করার বিনিময়ে তিনি প্রায় সাত লাখ টাকা আয় করেছিলেন বলেও দাবি করা হয়েছে।

মিরিয়ামের ঘরে রয়েছে নানা মানুষের ছবি ও তথ্য লেখা নোট। প্রমাণ ছাড়া কোনো কথা বলেন না বলে স্থানীয়দের কাছে তিনি পরিচিত হয়েছেন ‘গসিপ কুইন’ বা খবরের রানী নামে।

উপার্জনের টাকা তিনি একটি বড় মাটির ব্যাংকে জমা করেন। তবে তার এই কাজ নিয়ে অনেক প্রতিবেশী বিরক্ত এবং সমালোচনাও করেন। তাদের অভিযোগ, অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলানো ঠিক নয়।

তবে মিরিয়াম এসব সমালোচনায় গুরুত্ব দেন না। তার ভাষ্য, মানুষের খবর সংগ্রহ করাই তার জীবনযাত্রার অংশ হয়ে গেছে।

সূত্র: এনডিটিভি

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!