দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত হিসাব অনুযায়ী, জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকা।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদ সদস্য রেজা আহাম্মেদ তার প্রশ্নে জানতে চান, বর্তমানে দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ কত এবং এই ঋণের বোঝা কমাতে সরকার কী ধরনের পদক্ষেপ নিয়েছে। এর জবাবে অর্থমন্ত্রী নির্ধারিত সময়ের হিসাব তুলে ধরেন।

অর্থমন্ত্রী জানান, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকা। ঋণের বোঝা কমাতে সরকার রাজস্ব আহরণ বাড়ানো, সরকারি অর্থের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করার ওপর গুরুত্ব দিচ্ছে।

এদিকে জাতীয় সংসদে দেওয়া আরেক প্রশ্নের জবাবে রাষ্ট্রীয় মালিকানাধীন ছয় ব্যাংকের খেলাপি ঋণের চিত্রও তুলে ধরেন অর্থমন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী, ছয় রাষ্ট্রীয় ব্যাংকে মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।

রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। ৩০ জুনের হিসাব অনুযায়ী, ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, একই সময়ে অগ্রণী ব্যাংক পিএলসিতে খেলাপি ঋণের পরিমাণ ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ৮ হাজার ৮৮ কোটি ৭৯ লাখ টাকা এবং বেসিক ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ৮ হাজার ১৩১ কোটি টাকা।

এ ছাড়া রূপালী ব্যাংক পিএলসিতে খেলাপি ঋণের পরিমাণ ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ হাজার টাকা এবং সোনালী ব্যাংক পিএলসিতে ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ হাজার টাকা বলে সংসদে জানান অর্থমন্ত্রী।

সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঋণ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি ও সরকারি অর্থের দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে সামগ্রিক ঋণের চাপ কমানোর উদ্যোগের কথাও তুলে ধরেছেন তিনি।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!