রাজধানীর যানজট কমাতে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তান—এই চারটি বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি বিদ্যমান ডিপো ব্যবহার এবং বিকল্প টার্মিনাল উন্নয়নের পরিকল্পনা করা হচ্ছে।

সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, রাজধানীর গণপরিবহনের চাপ কমাতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বৃহত্তর ঢাকার যানজট নিরসনের জন্য গঠিত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর যানজটের অন্যতম কারণ শহরের ভেতরে বাস ও গণপরিবহনের অতিরিক্ত চাপ। এ চাপ কমাতে বিদ্যমান টার্মিনালের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প স্থানে টার্মিনাল ও ডিপো ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, কাঁচপুর ও পূর্বাচলের মতো স্থানগুলো ব্যবহার করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

হাবিবুর রশিদ জানান, গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে। গাবতলীর পাশের নতুন জায়গাগুলো দ্রুত কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

রাজধানীর প্রবেশপথে গণপরিবহনের চাপ কমাতে এসব বিকল্প অবকাঠামো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাজধানীর বাইরের সড়কগুলোতেও যানজট কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় সড়কের ওপর থাকা অবৈধ স্থাপনা যানজটের অন্যতম কারণ। এসব স্থাপনা সরিয়ে সড়কগুলো যান চলাচলের উপযোগী করার বিষয়ে সভায় আলোচনা হয়েছে।

সভায় বাস টার্মিনালের ব্যবস্থাপনা, বিকল্প স্থানে স্থানান্তর, ডিপো ব্যবহারের সুযোগ এবং সিটি করপোরেশনের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় থাকা টার্মিনালগুলোও উন্নত করা হবে। সেখানে বাস কাউন্টার, যাত্রীসুবিধা ও পরিবহন ব্যবস্থাপনা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।

সভায় এসি বাসগুলোর জন্য নির্দিষ্ট টার্মিনাল ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে। বাস কাউন্টার ও অন্যান্য সুবিধা কোথায় দেওয়া হবে, তা সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, শুধু সড়ক প্রশস্ত করলেই যানজটের সমাধান হবে না। টার্মিনাল ব্যবস্থাপনা, বাস চলাচল, পার্কিং, কাউন্টার এবং প্রবেশ ও বহির্গমনপথের যানবাহনের চাপ—সবকিছু সমন্বিতভাবে বিবেচনা করতে হবে।

সূত্র: আরটিভি

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!