যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫ কোটি ৩০ লাখের বেশি ড্রাইভিং লাইসেন্সের ডিজিটাল কপি ডার্ক ওয়েবে বিক্রির অভিযোগ উঠেছে। বিপুলসংখ্যক সরকারি পরিচয়পত্রের তথ্য ফাঁসের আশঙ্কায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
সাইবার নিরাপত্তা সাংবাদিক ব্রায়ান ক্রেবসের অনুসন্ধানে ‘নেক্সাস’ নামের একটি ডার্ক ওয়েব প্ল্যাটফর্মে এসব তথ্য বিক্রির বিষয়টি সামনে আসে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডার্ক ওয়েবে থাকা কয়েকটি ড্রাইভিং লাইসেন্সের তথ্য যাচাই করে প্রাথমিকভাবে সেগুলোর সত্যতা পাওয়া গেছে। তবে এত বিপুল পরিমাণ তথ্য কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কোনো বড় ধরনের সাইবার হামলা, ডেটা চুরি কিংবা অন্য কোনো উৎস থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে কি না।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ড্রাইভিং লাইসেন্সে থাকা নাম, ছবি, জন্মতারিখসহ ব্যক্তিগত তথ্য অপরাধীদের হাতে গেলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।
এসব তথ্য ব্যবহার করে পরিচয় চুরি, ভুয়া অ্যাকাউন্ট খোলা এবং আর্থিক প্রতারণার মতো অপরাধ সংঘটিত হতে পারে বলেও সতর্ক করেছেন তারা।
এফবিআই এখন বিষয়টি তদন্ত করছে। তথ্যগুলো সত্যিই বড় কোনো সাইবার হামলার মাধ্যমে ফাঁস হয়েছে কি না এবং কত মানুষের তথ্য এতে জড়িত, তা তদন্ত শেষে পরিষ্কার হবে।
অভিযোগ সত্য প্রমাণিত হলে এটি উত্তর আমেরিকার সরকারি পরিচয়পত্র ফাঁসের অন্যতম বড় ঘটনা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: Channel 24
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!