জামালপুরের মাদারগঞ্জে নতুন মিটার স্থাপনের আগেই এক গ্রাহকের নামে বিদ্যুৎ বিল তৈরি হওয়ার ঘটনা ঘটেছে। মিটার স্থাপন করা হয়নি, এমনকি বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়নি; তবুও আগস্ট মাসের জন্য ৬৯২ টাকা বিল পাঠানো হয়েছে গ্রাহকের কাছে।

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ভুক্তভোগী শ্রী নিমাই চন্দ্র সরকার। মিটার ও সংযোগ দেওয়ার আগেই বিল তৈরির ঘটনায় বিদ্যুৎ বিভাগের বিলিং ব্যবস্থা ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনাটি ঘটেছে মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার এলাকায়।

ভুক্তভোগী নিমাই চন্দ্র সরকার জানান, তার বাসায় বর্তমানে দুটি আবাসিক ও দুটি বাণিজ্যিক মিটার রয়েছে। এর বাইরে আরও একটি মিটারের জন্য আবেদন করেন তিনি। তবে নতুন মিটার স্থাপন কিংবা বিদ্যুৎ সংযোগ চালুর আগেই তার নামে আগস্ট মাসের ৬৯২ টাকার একটি বিল আসে।

সরেজমিনে দেখা যায়, নিমাই চন্দ্র সরকারের বাড়িতে চারটি মিটার রয়েছে। নতুন মিটার স্থাপনের জন্য একটি ওয়্যারিং বোর্ড তৈরি করা হলেও সেখানে এখনো মিটার বসানো হয়নি। অথচ তার নামে মোট পাঁচটি বিদ্যুৎ বিলের কাগজ এসেছে।

এর মধ্যে নতুন মিটারের নামে আগস্ট মাসের বিল হিসেবে ৬৯২ টাকা উল্লেখ করা হয়েছে।

মিটার স্থাপন ও সংযোগ দেওয়ার আগেই বিদ্যুৎ বিল আসায় স্থানীয়দের মধ্যেও বিস্ময় তৈরি হয়েছে। তাদের প্রশ্ন, বিদ্যুৎ ব্যবহার না করেই কীভাবে বিল তৈরি হলো। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে তেঘরিয়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, ‘নিমাই সরকারের সঙ্গে কথা বলেই বিল করা হয়েছে।’ তবে মিটার বা সংযোগ না থাকলেও বিল তৈরি করা যায় কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ভুল হয়ে গেছে।’

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) আবু সালেহ মো. নাঈম বলেন, সফটওয়্যার পরিবর্তনের কারণে এমন সমস্যা হয়েছে। তবে মিটার ও সংযোগ না থাকা অবস্থায় কীভাবে বিল তৈরি হলো, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াসমিনও বিষয়টির স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। তিনি বলেন, ‘মিটার বা সংযোগ ছাড়া কীভাবে বিল আসে, তা আমার জানা নেই। উনাদের যারা নিয়ন্ত্রণ করেন, তাদের সঙ্গে কথা বলুন।’

সূত্র: কালবেলা

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!