বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে। প্রতারণা ও কথা দিয়ে কথা না রাখার কারণে জনগণ তাদের ক্ষমা করবে না।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ১১ দলীয় ঐক্যের ৬ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘২০২৪ সাল আপনাদের মনে আছে? স্বৈরাচারের বিরুদ্ধে এই রাস্তায় রক্ত দিয়েছেন, সেই কথা কি মনে আছে? আপনাদের সঙ্গে লড়াই করা শহীদ সঙ্গীদের দাবি কি পূরণ হয়েছে? হয়নি। আর সেই দাবি পূরণের জন্যই আমরা রাস্তায় নেমেছি এবং দাবি আদায় করেই ঘরে ফিরব।’
তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের আন্দোলনের মূল উদ্দেশ্য হলো গণভোটের গণরায় বাস্তবায়ন, ২০২৪ সালের চার্টার বাস্তবায়ন, জুলাইয়ের দাবি পূরণ এবং মানুষের ঘরে বিদ্যুৎ ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা।
জামায়াতের আমির বলেন, ‘১১ দল আপনাদের পাশে আছে। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা সফল হবে এবং আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব।’
পথসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, এনসিপি নেতা আব্দুল্লাহ আল আমীন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সূত্র: যুগান্তর
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!