১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চে রাষ্ট্রের কোটি কোটি টাকার লোকসান হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান।

শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান তার পোস্টে দাবি করেন, জামায়াত ঘোষিত লংমার্চে দলের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের তেমন আগ্রহ ও অংশগ্রহণ নেই। তিনি বলেন, বিরোধী দলের নেতারা আশা করেছিলেন লংমার্চে রাস্তার দুই পাশে সাধারণ মানুষের বড় ধরনের উপস্থিতি থাকবে।

তিনি আরও লেখেন, ‘জামায়াতের আমিরের গাড়ি জনতার উপচেপড়া ভিড়ে যেতে পারবে না’—এমন প্রত্যাশা থাকলেও বিপুল আয়োজনের পরও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পারেনি জামায়াত নেতৃত্বাধীন জোট।

রাশেদ খান বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস সংকটসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে সাধারণ মানুষ অবগত। তার দাবি, ছয় মাসের সরকারের ওপর দীর্ঘ ১৮-২০ বছরের সমস্যা ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তাই বিরোধী দলের ছয় দফা দাবিতে জনগণের আগ্রহ নেই বলে মন্তব্য করেন তিনি।

লংমার্চের কারণে জনভোগান্তির সৃষ্টি হচ্ছে দাবি করে রাশেদ খান বলেন, রাস্তাঘাট বন্ধ থাকা এবং বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহারের কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল করে বলেও উল্লেখ করেন তিনি।

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, বিরোধী দলের এই লংমার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে। তার ভাষ্য, দলীয় স্বার্থে ও মিথ্যাচারকে ভিত্তি করে জনগণের ওপর এই কর্মসূচি চাপিয়ে দেওয়া হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!