নতুন সিনেমা ‘স্পর্ধা’ নিয়ে বড় পর্দায় ফিরছেন কলকাতার প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন মেয়ে কোয়েল মল্লিক ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করছেন অন্নপূর্ণা বসু।
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের কার্যালয়ে ‘স্পর্ধা’র শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় ও পরিচালক অন্নপূর্ণা বসু। সিনেমাটির প্রযোজনায় রয়েছেন নিসপাল সিং রানে। তাঁর মূল ভাবনায় চিত্রনাট্য লিখেছেন সদীপ ভট্টাচার্য।
‘স্পর্ধা’র গল্প আবর্তিত হবে এক স্বাধীনচেতা নারীকে কেন্দ্র করে। নিজের কাজের ক্ষেত্রে কোনো আপস না করে সংসার ও পেশাজীবন একসঙ্গে সামলানোর পাশাপাশি আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যান তিনি। নারীর জীবনসংগ্রাম, আত্মপরিচয় ও নিজের অবস্থান প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে গল্পের মাধ্যমে তুলে ধরা হবে।
সিনেমাটির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও জুটি হিসেবে পর্দায় ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক। পাশাপাশি বাবা-মেয়ের চরিত্রে রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিককে আবারও একসঙ্গে দেখা যাবে।
নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে ‘স্পর্ধা’র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের শুরুতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।
এর আগে অন্নপূর্ণা বসুর পরিচালনায় ‘স্বার্থপর’ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছিলেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। ওই সিনেমায় কোয়েল অভিনীত আইনজীবী চরিত্রের বাবার ভূমিকায় দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিককে। এবার ‘স্পর্ধা’য়ও বাবা-মেয়ের এই জুটিকে নতুন গল্প ও চরিত্রে দেখতে পাবেন দর্শক।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!