চট্টগ্রাম অভিমুখে লংমার্চের উদ্বোধনী সমাবেশে ১১-দলীয় ঐক্যের নেতারা জানিয়েছেন, জনগণের অধিকার আদায় করতেই তারা রাজপথে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তারা বলেছেন, লংমার্চে বাধা দেওয়া হলে ৬ দফা দাবি এক দফা দাবিতে রূপ নিতে পারে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ১১-দলীয় ঐক্যের আয়োজনে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ উপলক্ষে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু করেন নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের লংমার্চ ১৮ কোটি মানুষের পক্ষে। জনগণ গ্যাস, বিদ্যুৎ ও পানি সংকটে ভুগছে। তারপরও তাদের বিল পরিশোধ করতে হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরব, ইনশাআল্লাহ।’
সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘এই লংমার্চ সর্বস্তরের জনতার। সরকার যদি লংমার্চে বাধা দেয়, তাহলে সব বাধা উপেক্ষা করে আমরা চট্টগ্রামে পৌঁছাব।’
তিনি বলেন, ১১ দলের লংমার্চের ৬ দাবি এক দফা দাবিতে রূপ নিতে পারে।
১১-দলীয় ঐক্যের দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতায় থেকে জাতিকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জনগণের দুর্ভোগ কমাতে ব্যর্থ হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদসহ ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
লংমার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের কাছে ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা শেষে চট্টগ্রামের লালদিঘী ময়দানে জনসভা করার কথা রয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!