মাদকসংক্রান্ত অপরাধের বিচার কার্যক্রমে গতি আনতে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে ২২টি ‘মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল’ গঠন করেছে সরকার। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লাসহ মাদকপ্রবণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এসব ট্রাইব্যুনাল স্থাপন করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি গতকাল রাতে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪৪ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি ট্রাইব্যুনালের জন্য পৃথক স্থানীয় এখতিয়ার ও বিচারিক সীমানাও নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা জেলা এলাকার জন্য একটি এবং ঢাকা মহানগরের আওতাধীন থানাগুলোর জন্য চারটি পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
ঢাকা মহানগর-১ ট্রাইব্যুনালের আওতায় থাকবে পল্লবী, কাফরুল, মিরপুর, শাহআলী, দারুসসালাম, রূপনগর, ভাষানটেক, তেজগাঁও, তেজগাঁও শিল্প এলাকা, হাতিরঝিল, শেরে বাংলা নগর, রমনা ও শাহবাগ থানা।
ঢাকা মহানগর-২ ট্রাইব্যুনালের অধীনে থাকবে কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, আদাবর, কোতোয়ালী, বংশাল, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানা।
ঢাকা মহানগর-৩ ট্রাইব্যুনালের আওতায় থাকবে মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, রামপুরা, ডেমরা, শ্যামপুর, সূত্রাপুর, গেন্ডারিয়া, যাত্রাবাড়ী, কদমতলী ও ওয়ারী থানা।
ঢাকা মহানগর-৪ ট্রাইব্যুনালের অধীনে থাকবে উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর, তুরাগ, বাড্ডা, গুলশান, বনানী, ভাটারা, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত থানা।
মাদক চোরাচালানের গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত কক্সবাজারে তিনটি পৃথক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
কক্সবাজার-১ ট্রাইব্যুনালের আওতায় থাকবে টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী থানা। কক্সবাজার-২ এর অধীনে থাকবে উখিয়া, সদর ও ঈদগাঁও থানা। আর কক্সবাজার-৩ ট্রাইব্যুনালের আওতায় থাকবে রামু, চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী থানা।
এ ছাড়া চট্টগ্রাম জেলার জন্য একটি এবং চট্টগ্রাম মহানগরের জন্য তিনটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নারায়ণগঞ্জে দুটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ-১ ও নারায়ণগঞ্জ-২ নামে দুটি পৃথক ট্রাইব্যুনাল থাকবে।
এ ছাড়া কুমিল্লায় দুটি এবং ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী জেলা, রাজশাহী মহানগর, বগুড়া, দিনাজপুর ও যশোর জেলার জন্য একটি করে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন ট্রাইব্যুনাল গঠনের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে ন্যূনতম পাঁচ বছর বা তার বেশি শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাগুলো বর্তমান আদালত থেকে নবগঠিত ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে।
স্থানান্তরের পর কোনো মামলা যে পর্যায়ে থাকবে, ঠিক সেই পর্যায় থেকেই ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম পরিচালিত হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
সূত্র: এখন
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!