সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনাভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান ‘ইউসিবি টু দ্য পয়েন্ট’ ২ হাজার ৫০০তম পর্বে পদার্পণ করেছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার চ্যানেল আই ভবনে আয়োজিত হয়েছে বিশেষ মিলনমেলা। অনুষ্ঠানে বিশিষ্টজনদের পাশাপাশি অনুষ্ঠানটির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত সাংবাদিক, উপস্থাপক, প্রযোজক ও কলাকুশলীরা অংশ নেন।
২ হাজার ৫০০তম পর্বে পৌঁছানোকে অনুষ্ঠানের দীর্ঘ পথচলার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন উপস্থিত বক্তারা। তাদের মতে, দর্শকের আগ্রহ, আস্থা ও ভালোবাসাই ‘টু দ্য পয়েন্ট’-এর দীর্ঘদিনের পথচলার অন্যতম প্রধান শক্তি।
দীর্ঘ সময় ধরে জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা, বিশ্লেষণ ও মতবিনিময়ের মাধ্যমে দর্শকদের সামনে বিভিন্ন তথ্য ও মতামত তুলে ধরছে অনুষ্ঠানটি। সময়ের সঙ্গে গণমাধ্যমের ধরন ও দর্শকের তথ্য গ্রহণের পদ্ধতিতে পরিবর্তন এলেও প্রাসঙ্গিক বিষয়কে গুরুত্ব দিয়ে তা দর্শকের সামনে উপস্থাপনের ধারাবাহিকতা ধরে রেখেছে ‘টু দ্য পয়েন্ট’।
২ হাজার ৫০০তম অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আয়োজনে বক্তব্য দেন সংসদ সদস্য এবিএম মোশাররফ, আজিজুল বারি হেলাল, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি হারুনুর রশিদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মারুফুল হক, এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, দৈনিক ওয়াদা’র সম্পাদক ও সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ ও মোশাররফ হোসেন ভুইয়া, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস, এনসিপি নেতা সারোয়ার তুষার, ড. জাহেদুল বারী ও মনিরা পারভিনসহ অনেকে।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি পিএলসি’র চিফ কমিউনিকেশন অফিসার জিসান কিংশুক হক, লে. ক. (অব.) শরিফ উদ্দিন, মেজর খোশরোজ সামাদ, দৈনিক যায়যায়দিন-এর ব্যবস্থাপনা সম্পাদক সজিব ওনাসিস এবং সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ।
ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে চ্যানেল আইয়ের সব অনুষ্ঠানে বাংলাদেশই প্রথম।
দীপ্তি চৌধুরীর সঞ্চালনায় আয়োজনে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আই সংবাদের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান, ইউসিবি টু দ্য পয়েন্ট-এর প্রযোজক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক রাজু আলীম, জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম, বিশেষ প্রতিনিধি রিজভী নেওয়াজ এবং উপস্থাপক তুহিনুর সুলতানা।
বক্তারা বলেন, একটি টেলিভিশন অনুষ্ঠানকে দীর্ঘ সময় ধরে নিয়মিতভাবে দর্শকের কাছে পৌঁছে দেওয়া সহজ কাজ নয়। ‘টু দ্য পয়েন্ট’ সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে ২ হাজার ৫০০তম পর্বে পৌঁছেছে। এর পেছনে অনুষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্টদের দীর্ঘদিনের পরিশ্রম, পেশাদারিত্ব এবং দর্শকের ধারাবাহিক সহযোগিতা রয়েছে।
তাদের মতে, ২ হাজার ৫০০টি পর্ব সম্পন্ন করা শুধু একটি সংখ্যাগত অর্জন নয়, বরং দর্শকের সঙ্গে দীর্ঘদিনের আস্থার সম্পর্কের প্রতিফলন। অনুষ্ঠানের বিভিন্ন সময়ে যুক্ত থাকা উপস্থাপক, সাংবাদিক, আলোচক, গবেষক, বিশ্লেষক ও কলাকুশলীদের অবদানের কথাও অনুষ্ঠানে স্মরণ করা হয়।
বর্তমানে টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের তথ্য পাওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। ফলে দর্শকের চাহিদা এবং তথ্য গ্রহণের ধরনেও পরিবর্তন এসেছে। এই বাস্তবতায় সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরও তথ্যসমৃদ্ধ, প্রাসঙ্গিক ও বিশ্লেষণধর্মীভাবে উপস্থাপনের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দর্শকের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ‘টু দ্য পয়েন্ট’-এর সঙ্গে সংশ্লিষ্টরা।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!