সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে একজন শিশু এবং বাকি তিনজন প্রাপ্তবয়স্ক।
চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ১১১ জনের মধ্যে নারী ৬১ জন, যা মোট মৃত্যুর ৫৫ শতাংশ। অন্যদিকে পুরুষের সংখ্যা ৫০ জন, অর্থাৎ মোট মৃত্যুর ৪৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায়ও ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালগুলোতে ৩৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালে ১৬ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরে তিনজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া খুলনা বিভাগে ১৯ জন, ময়মনসিংহে ১২ জন, বরিশালে ১০ জন, চট্টগ্রামে আটজন, রাজশাহীতে চারজন এবং রংপুর ও সিলেটে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৫৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৯ হাজার ৫৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৩৬ হাজার ৪৬৭ জন ছাড়পত্র পেয়েছেন।
ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় মশাবাহিত এ রোগের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে জ্বর ও ডেঙ্গুর সম্ভাব্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!