হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা স্বর্ণের পরিমাণ ৯ কেজি, যা ৮০টি বারে বিভক্ত ছিল।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে মালিকহীন অবস্থায় স্বর্ণের এই চালানটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

কাস্টমস হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত সোয়া ৯টার দিকে কর্মকর্তারা খবর পান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে (এফজেড-৫২৩) স্বর্ণ চোরাচালান করা হচ্ছে।

খবর পেয়ে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা দ্রুত ওই বিমানে তল্লাশি অভিযান চালান। তবে তল্লাশির সময় বিমানটি যাত্রীশূন্য অবস্থায় পাওয়া যায়।

পরে বিমানের ১৯-এ নম্বর সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট দেখতে পান কর্মকর্তারা। সন্দেহ হওয়ায় প্যাকেটটি উদ্ধার করে কাস্টমস হলে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্যাকেট খুলে পাওয়া যায় ৮০টি স্বর্ণের বার। প্রতিটি বারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ কেজি।

ঢাকা কাস্টমস হাউস জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

সূত্র: যুগান্তর

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!