ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক নৌপথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘এখন যখন এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এসেছে, তখন আমাদের কি হরমুজ প্রণালির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত?’
তিনি আরও লেখেন, আমেরিকার মতোই এই প্রণালি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি উত্তপ্ত হবে।
হরমুজ প্রণালি নাম পরিবর্তনের এই মন্তব্যকে ট্রাম্পের সাম্প্রতিক ভৌগোলিক নাম পরিবর্তনের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের পর লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দেন তিনি। এছাড়া ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার উদ্যোগ নেন।
সম্প্রতি হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ট্রাম্প এর আগে এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছিলেন এবং এটিকে আমেরিকার নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে একটি মানচিত্রও প্রকাশ করেছিলেন।
হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ইরানের সঙ্গে সংঘাতের কারণে প্রণালিটি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও বেড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের জবাবে ইরান হরমুজ প্রণালিতে কার্যক্রম সীমিত করে দিয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরান নতুন করে মাইন স্থাপনের চেষ্টা করায় মঙ্গলবার হরমুজ প্রণালির কাছে মার্কিন বাহিনী আবারও বিমান হামলা চালিয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বেড়েছে।
তবে কোনো ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন সাধারণত আন্তর্জাতিক স্বীকৃতি ও সংশ্লিষ্ট দেশের মতামতের সঙ্গে যুক্ত থাকে। ফলে ট্রাম্পের এই প্রস্তাব বাস্তবে কার্যকর হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
সূত্র: এনডিটিভি
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!