দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা পরিচালনার জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার নির্দিষ্ট কয়েকটি পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরীর এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সব কওমি মাদরাসার মধ্যে সমন্বয়, উন্নয়ন এবং পাবলিক পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ২০০৬ সালে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ‘কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ’ নামে একটি স্থায়ী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পরবর্তীতে ২০১৮ সালে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীন কওমি মাদরাসার দাওরায়ে হাদিস (তাকমীল) সনদকে ইসলামিক স্টাডিজ ও আরবি বিষয়ে মাস্টার্স ডিগ্রির সমমান দেওয়ার জন্য আইন প্রণয়ন করা হয়।

যে ৬টি বোর্ড গঠনের সিদ্ধান্ত

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, কওমি মাদরাসা শিক্ষার উন্নয়ন ও পরীক্ষা কার্যক্রম পরিচালনায় ছয়টি শিক্ষা বোর্ড গঠন করা হবে।

বোর্ডগুলো হলো—

  • বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ।
  • বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ ।
  • আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ ।
  • আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ ।
  • তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ ।
  • জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ ।

দুই পদে নিয়োগে স্বীকৃতি

এসব বোর্ডের সনদের চাকরিতে স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, গত ২৩ জুন ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ সংশোধন করা হয়েছে।

সংশোধিত নীতিমালা অনুযায়ী, সহকারী মৌলভী (ক্বারী) এবং ইবতেদায়ি ক্বারী পদে নিয়োগের ক্ষেত্রে ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সনদকে প্রয়োজনীয় যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এর ফলে এসব পদে কওমি মাদরাসার দাওরায়ে হাদিস (তাকমীল) সনদধারীদের পাশাপাশি ইলমে কিরাআত ও হিফজুল কোরআন সনদধারীরাও চাকরির সুযোগ পাবেন।

সরকারের এ সিদ্ধান্তের ফলে কওমি মাদরাসার শিক্ষা কাঠামো আরও সংগঠিত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!