বলিউডের বহুল জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে নতুন তথ্য জানিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি। তিনি নিশ্চিত করেছেন, নতুন সিনেমায় মূল ছবির অভিনয়শিল্পীদেরই দেখা যাবে। তবে এখনো চিত্রনাট্য চূড়ান্ত হয়নি। গল্প নির্মাতাদের প্রত্যাশামতো পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দিতে চান না হিরানি।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক জানান, বর্তমানে সিক্যুয়েলের গল্প লেখার কাজ চলছে। গল্পটি সন্তোষজনক পর্যায়ে পৌঁছানোর পরই সিনেমাটি নিয়ে বিস্তারিত কথা বলবেন তারা।
হিরানির ভাষায়, গল্প নিয়ে কাজ এখনো চলছে। গল্প যখন সঠিক জায়গায় পৌঁছাবে, তখন এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে তিনি বলেন, মূল সিনেমার অভিনয়শিল্পীরাই সিক্যুয়েলে থাকছেন।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’-এ অভিনয় করেছিলেন আমির খান, আর মাধবন, শর্মান জোশি, কারিনা কাপুর খান ও বোমান ইরানি। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্যের পাশাপাশি দর্শকদের মধ্যে দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করে। বিশেষ করে শিক্ষাব্যবস্থা, ক্যারিয়ার নিয়ে পারিবারিক চাপ এবং তরুণদের মানসিক অবস্থার মতো বিষয় সিনেমাটিকে আলাদা পরিচিতি দেয়।
সিক্যুয়েলের সম্ভাব্য গল্প নিয়েও গুরুত্বপূর্ণ আভাস দিয়েছেন রাজকুমার হিরানি। তাঁর বক্তব্য অনুযায়ী, ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় পর্ব তৈরির পরিকল্পনা থেকেই নতুন গল্পটির জন্ম হয়নি।
পরিচালক জানান, তারা প্রথমে ভিন্ন একটি গল্প নিয়ে কাজ করছিলেন। পরবর্তী সময়ে তাদের মনে হয়, সেই গল্পটি ‘থ্রি ইডিয়টস’-এর পরিচিত চরিত্রগুলোর জীবনের পরবর্তী অধ্যায়ের সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে যেতে পারে। সেখান থেকেই সিক্যুয়েল নিয়ে ভাবনা শুরু হয়।
তবে নতুন সিনেমায় আগের মতো কলেজজীবনের গল্প দেখানো হবে না। বরং প্রথম সিনেমার ঘটনাগুলোর প্রায় ২০ বছর পর তিন বন্ধুর জীবনে কী পরিবর্তন এসেছে এবং তারা কোথায় দাঁড়িয়ে—সেই গল্পই তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
হিরানি স্পষ্ট করে বলেছেন, নতুন সিনেমাটি শিক্ষার্থীদের নিয়ে নয়। বরং দুই দশক পর মূল চরিত্রগুলোর জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ও পরিবর্তনকে কেন্দ্র করেই গল্প এগোবে।
মূল সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পীরা সিক্যুয়েলে ফিরছেন—এমন তথ্য দিলেও রাজকুমার হিরানি জানিয়েছেন, প্রকল্পটি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। চিত্রনাট্য লেখার কাজ শেষ হওয়ার পরই সিনেমার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে ‘মুন্নাভাই এমবিবিএস’-এর সিক্যুয়েল ‘লাগে রাহো মুন্নাভাই’ তৈরির অভিজ্ঞতার কথাও স্মরণ করেছেন পরিচালক। তাঁর মতে, প্রথম সিনেমা তৈরির সময় দ্বিতীয় পর্ব বানানোর কোনো পরিকল্পনা ছিল না। সেই সময় বলিউডে সিক্যুয়েল নিয়ে তেমন ইতিবাচক ধারণাও ছিল না।
তবে সময়ের সঙ্গে দর্শকদের প্রত্যাশা এবং সিনেমার বাজারে পরিবর্তন এসেছে। আর সেই ধারাবাহিকতায় দুই দশক পর ‘থ্রি ইডিয়টস’-এর পরিচিত চরিত্রগুলোকে নতুন গল্পে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন মূল অপেক্ষা চিত্রনাট্য চূড়ান্ত হওয়া এবং নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার।
সূত্র: আউটলুক ইন্ডিয়া
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!