সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) এক বার্তায় নতুন মূল্য সমন্বয়ের তথ্য জানায় বিইআরসি। নির্ধারিত এই দাম বুধবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। ফলে নতুন সিদ্ধান্তের পর ভোক্তাদের প্রতি সিলিন্ডারে ১৩ টাকা কম খরচ করতে হবে।

অটোগ্যাসের নতুন দাম

এদিকে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও নির্ধারণ করেছে বিইআরসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম রাখা হয়েছে ৭৩ টাকা ৯ পয়সা।

বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম

বিইআরসির নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৬৫২ টাকা এবং ১৫ কেজির দাম ১ হাজার ৯৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৬ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজির দাম ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ৬৪২ টাকা এবং ২২ কেজির দাম ২ হাজার ৯০৭ টাকা করা হয়েছে।

অন্যদিকে, ২৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩০৩ টাকা। ৩০ কেজির দাম ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজির দাম ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজির দাম ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাখা হয়েছে ৫ হাজার ৯৪৫ টাকা।

সূত্র: দ্য ডেইলি স্টার বাংলা

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!