সেপ্টেম্বরজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ভিন্ন স্বাদের বেশ কিছু সিনেমা। হরর, অ্যাকশন, সারভাইভাল অ্যাডভেঞ্চার থেকে শুরু করে অতিপ্রাকৃত গল্প—বিভিন্ন ঘরানার সিনেমা নিয়ে দর্শকদের জন্য থাকছে বৈচিত্র্যময় আয়োজন। বড় তারকাদের উপস্থিতির পাশাপাশি নির্মাণশৈলী, গল্প ও অভিনয়ের কারণে কয়েকটি সিনেমা এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
বিশেষ করে ব্র্যাড পিটের সারভাইভাল অ্যাডভেঞ্চার, নিকোল কিডম্যান ও স্যান্ড্রা বুলকের বহু প্রতীক্ষিত ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’ এবং নতুন ‘রেসিডেন্ট ইভিল’ নিয়ে সিনেমাপ্রেমীদের কৌতূহল রয়েছে। সেপ্টেম্বরে আলোচনায় থাকা পাঁচ সিনেমার মধ্যে রয়েছে—
রেসিডেন্ট ইভিল
জ্যাক ক্রেগারের ‘ওয়েপন্স’ সিনেমার সাফল্যের পর তাঁর নতুন সিনেমা ‘রেসিডেন্ট ইভিল’ ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। ভিডিও গেম অবলম্বনে নির্মিত হলেও পরিচালক জানিয়েছেন, সিনেমাটি মূলত তাঁর নিজস্ব ভাবনার ফসল, যা পরবর্তীতে ‘রেসিডেন্ট ইভিল’ ফ্র্যাঞ্চাইজির অংশ হয়ে উঠেছে।
আগের নির্মাণগুলোর তুলনায় নতুন এই সংস্করণে আরও অন্ধকার ও ভীতিকর আবহ তুলে ধরা হয়েছে। গল্পের কেন্দ্রে রয়েছে ব্রায়ান নামের এক মেডিকেল কুরিয়ার। র্যাকুন সিটির একটি হাসপাতালে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ে তার ওপর।
তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শহরের বাসিন্দারা ভয়ংকর জম্বিতে পরিণত হতে শুরু করে। এরপর এক সাধারণ মানুষের সামনে হাজির হয় বেঁচে থাকা ও নিজের দায়িত্ব শেষ করার কঠিন লড়াই। এই পরিস্থিতিই সিনেমাটির মূল উত্তেজনার জায়গা হয়ে উঠেছে।
প্র্যাকটিক্যাল ম্যাজিক ২
১৯৯৮ সালের জনপ্রিয় ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক’-এর প্রায় ২৮ বছর পর আসছে সিক্যুয়েল ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’। নতুন সিনেমায় আবারও ফিরছেন নিকোল কিডম্যান ও স্যান্ড্রা বুলক। তাঁরা যথাক্রমে বোন জিলিয়ান ও স্যালির চরিত্রে অভিনয় করবেন।
প্রথম সিনেমাটি মুক্তির সময় প্রত্যাশিত সাফল্য না পেলেও সময়ের সঙ্গে এটি দর্শকদের মধ্যে একটি শক্তিশালী ভক্তগোষ্ঠী তৈরি করেছে। সিক্যুয়েলে সেই জাদুকরী আবহ আরও বিস্তৃত করা হয়েছে।
নতুন গল্পে স্যালির মেয়েদের চরিত্রে দেখা যাবে জোয়ি কিং ও মেইসি উইলিয়ামসকে। তাঁরা জানতে পারে, পরিবারের ওপর থাকা একটি পুরোনো অভিশাপের কারণে তারা কোনো পুরুষের প্রেমে পড়লেই সেই পুরুষের মৃত্যু ঘটবে। ফলে প্রেম, পরিবার, জাদু ও অভিশাপের মিশেলে এগিয়ে যাবে সিনেমার গল্প।
হার্ট অব দ্য বিস্ট
সারভাইভাল অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য সেপ্টেম্বরে অন্যতম আকর্ষণ হতে পারে ডেভিড আয়ার পরিচালিত ‘হার্ট অব দ্য বিস্ট’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ব্র্যাড পিট।
গল্পে ব্র্যাড পিটকে একজন আহত সাবেক স্পেশাল ফোর্সেস সদস্যের চরিত্রে দেখা যাবে। আলাস্কার দুর্গম জঙ্গলে বিমান দুর্ঘটনার পর সভ্য এলাকায় ফেরার কঠিন যাত্রায় নামতে হয় তাকে।
এই বিপজ্জনক অভিযানে তার একমাত্র সঙ্গী বিশ্বস্ত সামরিক কুকুর ওডিন। তীব্র ঠান্ডা, দুর্গম পরিবেশ ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেঁচে থাকার চেষ্টা করতে হয় তাকে। একই সঙ্গে মানুষ ও প্রাণীর মধ্যকার গভীর বন্ধনও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
পরিচালক ডেভিড আয়ারের ভাষ্য অনুযায়ী, সিনেমাটিতে ব্র্যাড পিটকে তাঁর ক্যারিয়ারের অন্যতম শক্তিশালী রূপে দেখা যাবে।
অনসলট
অ্যাকশন ও হরর ঘরানার দর্শকদের জন্য ‘অনসলট’ হতে পারে সেপ্টেম্বারের অন্যতম আলোচিত সিনেমা। অ্যাডাম উইনগার্ড পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন আদ্রিয়া আরজোনা ও মাইকেল বিহন।
গল্পে আদ্রিয়া আরজোনাকে দেখা যাবে একা মায়ের চরিত্রে। মেয়েকে নিয়ে তিনি মরুভূমির একটি ট্রেইলার পার্কে বসবাস করেন। কিন্তু স্থানীয় একটি গোপন গবেষণাকেন্দ্র থেকে জিনগতভাবে পরিবর্তিত তিন সুপার সোলজার পালিয়ে যাওয়ার পর পরিস্থিতি দ্রুত ভয়ংকর হয়ে ওঠে।
সাবেক সেনা স্নাইপার হিসেবে নিজের পুরোনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে মেয়েকে রক্ষা করতে লড়াইয়ে নামতে হয় তাকে। অ্যাকশন, হরর ও তীব্র উত্তেজনার সমন্বয়ে নির্মিত সিনেমাটি এরই মধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
দ্য ওয়েট
১৯৩০-এর দশকের মহামন্দার সময়ের যুক্তরাষ্ট্রকে পটভূমি করে নির্মিত হয়েছে ‘দ্য ওয়েট’। পিরিয়ড ড্রামা ও সারভাইভাল অ্যাডভেঞ্চারের মিশেলে তৈরি সিনেমাটিতে অভিনয় করেছেন ইথান হক ও রাসেল ক্রো।
গল্পে ইথান হক একজন বাবার চরিত্রে অভিনয় করেছেন, যাকে অন্যায়ভাবে একটি শ্রমশিবিরে পাঠানো হয়। দ্রুত বাড়ি ফিরতে না পারলে নিজের ছোট মেয়ের অভিভাবকত্ব হারানোর আশঙ্কায় পড়েন তিনি।
এ অবস্থায় শিবিরের নিষ্ঠুর ওয়ার্ডেন তাকে একটি শর্তে মুক্তির প্রস্তাব দেয়। চুরি করা সোনার বারভর্তি একটি ব্যাগ নিয়ে কয়েকজন বন্দির সঙ্গে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে তাকে। এরপর শুরু হয় দুর্গম পরিবেশ, সহিংসতা ও প্রতিকূলতার মধ্য দিয়ে বেঁচে থাকার কঠিন লড়াই।
সব মিলিয়ে সেপ্টেম্বরের সিনেমার তালিকায় শুধু তারকার উপস্থিতিই নয়, গল্প ও ঘরানার বৈচিত্র্যও দর্শকদের আকর্ষণ করতে পারে। হরর, অতিপ্রাকৃত গল্প, অ্যাকশন, সারভাইভাল কিংবা পারিবারিক আবেগ—বিভিন্ন ধরনের দর্শকের জন্যই থাকছে আলাদা আয়োজন। ব্র্যাড পিট, নিকোল কিডম্যান, স্যান্ড্রা বুলক ও ইথান হকের মতো তারকাদের পাশাপাশি নির্মাতাদের ভিন্নধর্মী ভাবনা সেপ্টেম্বরকে সিনেমাপ্রেমীদের জন্য বেশ জমজমাট করে তুলতে পারে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!