বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এ সফর অনুষ্ঠিত হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সব আলোচনা চলতে থাকবে।’

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সংসদীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা প্রয়োজন। দুই দেশের সংসদ কীভাবে একে অপরের সঙ্গে কাজ করতে পারে, সে বিষয়েও মতবিনিময় হয়েছে বলে জানান তিনি।

ভারতের হাইকমিশনার জানান, ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়েছে। জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক শক্তিশালী করাই গণতন্ত্রের অংশ।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের রাজনৈতিক অভিজ্ঞতার প্রশংসা করে দীনেশ ত্রিবেদী বলেন, তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং ভালো ফুটবলার।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা
এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্পিকার বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিক হলেও বিভিন্ন সময় নানা টানাপড়েনের মধ্য দিয়ে এগিয়েছে। সময় ও পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে এই সম্পর্কের ধরনও পরিবর্তিত হয়েছে।

তিনি বলেন, দুই দেশের সম্পর্ক শুধু সরকারকেন্দ্রিক না হয়ে জনগণকেন্দ্রিক হওয়া উচিত। পারস্পরিক শ্রদ্ধা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে ভবিষ্যতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জবাবে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক গড়ে তুলতে ভারত সরকার আগ্রহী। জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও শক্তিশালী করার মাধ্যমে দুই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশ-ভারত সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া এবং সাংস্কৃতিক আদান-প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!