অন্য ব্যক্তিকে দিয়ে (প্রক্সি পরীক্ষার্থী) পরীক্ষায় অংশ নিয়ে সরকারি চাকরি নেওয়ার চেষ্টা করায় এক চাকরিপ্রার্থীকে আটক করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সিসিটিভি ফুটেজ যাচাই করে তার পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হলে জিজ্ঞাসাবাদের পর বিষয়টি নিশ্চিত হয় পিএসসি।

আটক ব্যক্তি মো. রিপন হোসেনকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পিএসসি।

পিএসসি সূত্রে জানা গেছে, রিপন হোসেন মানিকগঞ্জের সাঁটুরিয়া উপজেলার বাহা গ্রামের বাসিন্দা। তিনি পিএসসি সচিবালয়ের অধীনে অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার প্রার্থী ছিলেন। তার রোল নম্বর ২১০১১৮৭।

সিসিটিভি ফুটেজে ধরা পড়ে পরিচয়ের অসঙ্গতি

পিএসসি জানিয়েছে, চাকরিতে যোগদানের জন্য মঙ্গলবার পিএসসি সচিবালয়ে উপস্থিত হন রিপন হোসেন। এ সময় কর্মকর্তারা তার পরিচয় যাচাই করতে গিয়ে প্রবেশপত্রের ছবির সঙ্গে মৌখিক পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তির চেহারার মিল খুঁজে পাননি।

পরে বর্তমান উপস্থিত রিপন হোসেনের চেহারার সঙ্গেও ওই ফুটেজের ব্যক্তির তুলনা করা হয়। এতে তার পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়।

বিষয়টি পিএসসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলে উপপরিচালক শোভন সমাদ্দার ও উপসচিব ওয়াসিমুল বারীসহ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেননি

জিজ্ঞাসাবাদে রিপন হোসেন স্বীকার করেন, ওই নিয়োগের লিখিত ও মৌখিক—কোনো পরীক্ষাতেই তিনি নিজে অংশ নেননি। তার পরিবর্তে অন্য একজন প্রক্সি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

পিএসসি জানিয়েছে, সিসিটিভি ফুটেজ যাচাই ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রক্সি পরীক্ষার্থী ব্যবহারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!