টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থায় বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় জানায়, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য সর্বোচ্চ ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, বর্তমান বাজারদর ও বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দরপত্রের মূল্য বিবেচনায় ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রতি ইউনিট সর্বোচ্চ ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ২০ শতাংশ মুনাফা ও ১১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়াম যোগ করে প্রতি ইউনিটের মূল্য ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সরকারের ঘোষিত প্রণোদনা অনুযায়ী, যেসব গ্রাহক নেট মিটারিং নির্দেশিকা-২০২৫ অনুযায়ী ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবেন এবং নিজস্ব ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, তারা ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা পাবেন।
তবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির পর স্থাপন করা সৌরবিদ্যুৎ ব্যবস্থার ক্ষেত্রে এই প্রণোদনা প্রযোজ্য হবে না।
বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো গ্রাহকদের তথ্য সংরক্ষণ, জাতীয় গ্রিডে সরবরাহকৃত বিদ্যুতের পরিমাণ নির্ধারণ এবং প্রণোদনাসহ মূল্য সংক্রান্ত তথ্য সংরক্ষণ করবে। প্রণোদনার অর্থ সরাসরি গ্রাহকের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবে পাঠানো হবে।
সরকার জানিয়েছে, সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ব্যবহৃত সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার ও মিটারসহ সব যন্ত্রপাতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী হতে হবে।
এ ছাড়া বিদ্যুৎ বিভাগের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার এবং জেলা-উপজেলা পর্যায়ের বিদ্যুৎ বিতরণ সংস্থার কার্যালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!